সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে মাদক ও চোরাচালান মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামীকে আটক করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল ২০২৬) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর উপ- অধিনায়ক মেজর মোঃ নূরুল হুদার নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল এবং কোম্পানীগঞ্জ থানার এসআই জগৎ জ্যোতি দাসের নেতৃত্বে পুলিশের একটি টহল দল উপজেলার কালাইরাগ গ্রামে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযানে মাদক ও চোরাকারবারী মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ মনিরুল ইসলামকে আটক করা হয়। তিনি কালাইরাগ গ্রামের বাসিন্দা।
পরে আটক আসামীকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
৪৮ বিজিবি সূত্র জানায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।