সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার হরিপুর চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ৭৫ হাজার ৫৫০ টাকার ভারতীয় চকলেট জব্দ করেছে মডেল থানা পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১ মে ২০২৬) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে জৈন্তাপুর মডেল থানার ৫নং ফতেপুর ইউনিয়নের হরিপুর এলাকায় চেকপোস্ট ডিউটির সময় যাত্রীবাহী এসএস পরিবহন (মিতালী পরিবহন) নামের একটি বাস থামানো হয়। বাসটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ব-১২-৫৭৮১।
এসময় বাস থেকে এক ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করলে এসআই বিদ্যুৎ পুরোকায়স্থ সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে আটক করেন। পরে বাসে থাকা যাত্রীদের উপস্থিতিতে তল্লাশি চালানো হয়।
তল্লাশীকালে বাসের ড্রাইভার ও হেল্পার জানান, বাসে থাকা মালামালের মালিক আটককৃত মোঃ আলামিন ফকির (২৮)।
পরে তার দেখানো মতে বাসের বক্সের ভেতর থেকে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট উদ্ধার করা হয়।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে—
KitKat 2 Finger চকলেট ৫০০ পিস (মূল্য ৭,৫০০ টাকা),Snickers চকলেট ৮৯০ পিস (মূল্য ১৩,৩৫০ টাকা),Chupa Chups চকলেট ৫,৫৫০ পিস (মূল্য ৫৫,৫০০ টাকা),Benzo চকলেট ১৪০ প্যাকেট (মূল্য ৯৮,০০০ টাকা),৬টি ব্যাগ (মূল্য ১,২০০ টাকা)
সব মিলিয়ে জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৭৫ হাজার ৫৫০ টাকা।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ উছমান গনি জানান, উদ্ধারকৃত মালামালের বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় আটক ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে জৈন্তাপুর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। শনিবার পুলিশ পাহারায় তাকে আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।