সাইফুল ইসলাম বাবু
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
সিলেট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ২৪ লাখ ২৩ হাজার ৮১০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
শনিবার (২৪ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সীমান্তবর্তী এলাকায় ব্যাটালিয়নের দায়িত্বাধীন বাংলাবাজার, লাফার্জ, পান্থুমাই, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, সোনারহাট ও ডিবিরহাওর বিওপির সদস্যরা পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে ভারতীয় মদ, শাড়ি, কম্বল, গরু, টমেটো, ফুচকা, সাবান, ফল, চুইংগাম, চিনি, কিসমিস ও আলুসহ বিভিন্ন পণ্য আটক করা হয়। এ ছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছও আটক করতে সক্ষম হন বিজিবি সদস্যরা।
আটক করা এসব চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ২৪ লাখ ২৩ হাজার ৮১০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।
তিনি আরও জানান, আটক করা মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।