সিলেটের জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে মোহাম্মদ আবুল হাসনাত খানকে পদায়ন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক আদেশে তাঁকে এ পদে পদায়ন করা হয়।
আদেশে উল্লেখ করা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার ১৩ অক্টোবর ২০২৬ তারিখের প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে সিলেট বিভাগে যোগদান করা বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খানকে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের জন্য সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করেছিলেন। গত ২৫ অক্টোবর তাঁকে ওই কার্যালয় থেকে অবমুক্ত করা হয়।
পদায়ন আদেশ অনুযায়ী, নতুন ইউএনও নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন এবং ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারায় প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করবেন। পাশাপাশি তাঁকে নিজ অধিক্ষেত্রে সার্টিফিকেট অফিসার হিসেবে নিয়োগের জন্য সংশ্লিষ্ট কালেক্টরকে অনুমতি দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে।
এদিকে, জৈন্তাপুরের বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস সুনন্দা রায়কে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে বলে জানা গেছে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন মোহাম্মদ আবুল হাসনাত খান।
নতুন ইউএনওর যোগদানের মধ্য দিয়ে জৈন্তাপুর উপজেলা প্রশাসনে দায়িত্বের পরিবর্তন ঘটতে যাচ্ছে।