সিলেট সীমান্তে সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, নারী ও শিশু পাচার এবং মাদকদ্রব্যসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে জনসচেতনতামূলক সভা করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।
সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৫টায় জকিগঞ্জ উপজেলার উত্তরকুল এলাকায় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ সোহেল আলম, পিবিজিএম।
সভায় জানানো হয়, সিলেট জেলার জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার ১৩১ দশমিক ৫ কিলোমিটার সীমান্ত এলাকায় সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে দিন-রাত টহল জোরদার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং অপরাধ প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
সভায় ব্যাটালিয়ন অধিনায়ক সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বিশেষ করে কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলা সীমান্ত দিয়ে পুশ-ইনের অপচেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি বজায় রেখেছে বলে জানানো হয়। বিজিবির কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা এবং সীমান্তবর্তী জনসাধারণের সহযোগিতায় এ ধরনের অপচেষ্টা প্রতিরোধ করা সম্ভব হচ্ছে।
সভায় সীমান্ত অপরাধ নির্মূলে স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় সীমান্তবর্তী বাসিন্দাদের চোরাচালান, মাদক ব্যবসা, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশের মতো অপরাধে জড়িত না হওয়ার আহ্বান জানানো হয়।
পাশাপাশি গুজবে কান না দেওয়া, সীমান্তে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে দ্রুত বিজিবিকে অবহিত করা এবং সীমান্ত অতিক্রম করে সব ধরনের অননুমোদিত কার্যক্রম থেকে বিরত থাকার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়।
সভায় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় বিজিবি এবং দেশপ্রেমিক জনগণের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়। সীমান্ত অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।