
সিলেটের জৈন্তাপুর উপজেলার আসামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত “২নং লক্ষীপুর ১ম মিডবার ফুটবল টুর্নামেন্ট ২০২৫-২৬” এর ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে ২নং লক্ষীপুর ফুটবল একাদশ।
শুক্রবার (২২ মে) বিকেল ৪টায় অনুষ্ঠিত জমজমাট এ ফাইনাল খেলায় ২নং লক্ষীপুর ফুটবল একাদশ ২-১ গোলে ৪নং বাংলাবাজার ফুটবল একাদশকে পরাজিত করে শিরোপা অর্জন করে। খেলায় প্রথমার্ধে ৪নং বাংলাবাজার ফুটবল একাদশ ১ গোল করে এগিয়ে যায়। পরে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ২নং লক্ষীপুর ফুটবল একাদশ পরপর ২ গোল করে জয় নিশ্চিত করে।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে ট্রফি ও ক্রেস্ট বিতরণ করা হয়।
টুর্নামেন্ট কমিটির সভাপতি দিলদার আহমেদ দিদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ধারা বিবরণী ও পরিচালনা করেন রমিজ উদ্দিন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং জৈন্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও শ্রীপুর পাথর কুয়ারী ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি আব্দুল আহাদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল ইসলাম, ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আবদুল জব্বার, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী আব্দুল মালেক, ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী আব্দুল মতিন, মাহবুবুর রহমান, মাসুদুল ইসলাম শাহেদ সহ টুর্নামেন্ট কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
অতিথিরা তাদের বক্তব্যে যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই উল্লেখ করে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
এছাড়াও অনুষ্ঠানের শেষ পর্যায়ে ঘোষণা দেওয়া হয়, অতি শীঘ্রই ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আবদুল জব্বারের নামে একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে।
ফাইনাল ম্যাচে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য ২নং লক্ষীপুর ফুটবল একাদশের গোলরক্ষক নাহিদ “ম্যান অব দ্য ম্যাচ” নির্বাচিত হন।