
মহান মে দিবস-২০২৬ উপলক্ষে সিলেটের জৈন্তাপুর উপজেলায় পৃথকভাবে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি ঘিরে শ্রমিকদের অধিকার ও দাবিদাওয়া তুলে ধরেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
প্রথম কর্মসূচিতে, শুক্রবার (১ মে) সকাল ১০টা ১০ মিনিটে জৈন্তাপুর বাসস্ট্যান্ড এলাকায় বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রবের নেতৃত্বে র্যালীটি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে থানা মোড়, চুনাহাটী মসজিদ, পুনরায় বাসস্ট্যান্ড হয়ে উপজেলা গেইট প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলাম, বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি কামাল হোসেন এবং জৈন্তাপুর রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম। এতে প্রায় ৭০ থেকে ৮০ জন শ্রমিক অংশগ্রহণ করেন।
বক্তারা পরিবেশের দোহাই দিয়ে দীর্ঘদিন বন্ধ থাকা পাথর কোয়ারী ও বালু মহাল দ্রুত খুলে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। কর্মসূচি সকাল ১১টা ৫ মিনিটে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
অন্যদিকে, সকাল ১১টা ৩৫ মিনিটে মহান মে দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক কল্যাণ ফেডারেশন, জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে আরেকটি র্যালী অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি শামীম আহমেদের নেতৃত্বে র্যালীটি থানা মোড় থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড হয়ে উপজেলা গেইটে গিয়ে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা গোলাম কিবরিয়া, সিলেট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সেক্রেটারি হেলাল আহমদ এবং উপজেলা শাখার সেক্রেটারি শাহিদুর রহমানসহ প্রায় ৩৫ থেকে ৪০ জন নেতাকর্মী। কর্মসূচি দুপুর ১২টা ৫ মিনিটে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।