
জৈন্তাপুর উপজেলার নিজপাট মাস্তিংহাটি এলাকার অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান খন্দকার ও পরিবার পরিকল্পনা স্বাস্থ্য সহকারী সালেহা বেগম—একটি সাফল্যমণ্ডিত পরিবারের গর্বিত অভিভাবক। তাদের চার সন্তানই নিজ নিজ ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন।
এই পরিবারের কনিষ্ঠ কন্যা পারিছা খন্দকার ২০২৫ সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ১৬৭৫তম স্থান অর্জন করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ-এ ভর্তির সুযোগ পেয়েছেন। তিনি জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এসএসসিতে গোল্ডেন প্লাস এবং সিলেট সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসিতে জিপিএ–৫ অর্জন করেন।
তাদের প্রথম কন্যা মাস্টার্স সম্পন্ন করে জৈন্তাপুরের বাউরভাগ উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত। দ্বিতীয় কন্যা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন। তৃতীয় কন্যা সদ্য মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরিবারের সাফল্যের ধারাকে আরও উজ্জ্বল করেছেন। পরিবারের একমাত্র পুত্র সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করে বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে বিভাগীয় কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
শিক্ষা, অধ্যবসায় ও নৈতিকতার সমন্বয়ে গড়ে ওঠা এই পরিবার জৈন্তাপুরবাসীর জন্য অনুকরণীয় দৃষ্টান্ত—যেখানে মা–বাবার আদর্শ ও ত্যাগের ফলেই চার সন্তানের এমন ধারাবাহিক সাফল্য সম্ভব হয়েছে।